পলাতক অপরাধী আইনের শাসন এড়িয়ে এনআইডি-পাসপোর্ট পেতে পারে না: রিজভী
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের চোখের সামনে গণহত্যা চালিয়ে যারা পালিয়ে গেছে, তারা কীসের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট পাওয়ার অধিকার রাখে? কোনো পলাতক অপরাধী আইনের শাসন এড়িয়ে এনআইডি বা পাসপোর্ট পেতে পারে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রীর বক্তব্যের উদাহরণ টেনে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন, ফেরারি আসামিদের বক্তব্য বা কথা গণমাধ্যমে প্রচার করা যায় না। অথচ আজ শত শত শহীদের রক্তের ওপর দিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তি দেশে ফেরার জন্য এনআইডি ও পাসপোর্ট চাইছেন।
তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ, ওয়াসিমসহ প্রায় ১৪০০ শিশু-কিশোর ও তরুণ শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। এসব মানবতাবিরোধী অপরাধের বিচার হতে হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। এর ফলে তিনি প্রায় পঙ্গুত্ব বরণ করেছিলেন এবং চিকিৎসার জন্য নিয়ম মেনেই বিদেশে গিয়েছিলেন। অন্যদিকে গণঅভ্যুত্থানের মুখে দেশের মানুষের সামনে থেকে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পালিয়ে যান। তাই কোনো পলাতক অপরাধী আইনের শাসন এড়িয়ে এনআইডি বা পাসপোর্ট পেতে পারেন না।
রুহুল কবির রিজভী দাবি করেন, দেশের জনগণ কোনো ‘আমি-ডামি’ বা মধ্যরাতের নির্বাচনে বিশ্বাসী নয়। সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে বর্তমান প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়েছে। এই সরকার সংবিধানে দেওয়া আইনের প্রয়োগ নিশ্চিত করবে এবং আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে সারা বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করবে।
বিজ্ঞানমেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও কীর্তি অসাধারণ। প্রতিভার এই ধারা অব্যাহত থাকলে তারাই হবে বাংলাদেশের আগামী দিনের আইনস্টাইন ও নিউটন। তরুণ বিজ্ঞানীদের হাত ধরেই বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতারা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন